শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেছেন, তিস্তায় পানিবৃদ্ধি লংমার্চের প্রাথমিক সাফল্য। তিনি ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে এক পথসভায় ওই কথা বলেন, পথসভায় মির্জা ফখরুল আরো বলেন, বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পারলাম- লংমার্চের কারণে ভারত তিস্তায় কিছুটা পানি ছেড়েছে। লংমার্চ কর্মসূচি সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এটা লংমার্চের প্রাথমিক সাফল্য। আমরা সাময়িক নয়, পুরোপুরি সফলতা চাই।
মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সবার অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না-উল্লেখ করে তিনি বলেন, আগামী দিন বিরোধী জোট নেতা খালেদা জিয়ার ডাকে আন্দোলনের প্রস্তুতি নিন। সন্ধ্যা ৭টার দিকে লংমার্চ বহর রংপুর শহরে প্রবেশ করে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মণ্ডলের সভাপতিত্বে পথসভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, , সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শাসমুজামান দুদু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমূখ।




