মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা এমপি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় ৫০ বেডের হাসপাতালের বিরাজমান সমস্যা নিয়ে স্বাগত বক্তব্যে কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ জানান, মাত্র ৪জন চিকিৎসক ও সীমিত সংখ্যক নার্স ও জনবল দিয়ে প্রতিদিন উপজেলার শতশত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে ডাক্তার-নার্স সংকটের কারনে রোগীদের সন্তোষজনক চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে। সভায় বিরাজমান সমস্যা সমাধানে এমপি মোঃ আব্দুল মতিনের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন আহমদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার উন্নতিকল্পে হেল্প ডেক্স, আউটডোর রোগীদের জন্য শৌচাগার নির্মান ও কমিটি পুনঃগঠনসহ বিভিন্ন জরুরী পদক্ষেপ নেয়া হয়।




