চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় উত্তম মজুমদার (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। শুক্রবার দুপুর ১২ টায় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের কোম্পানি কমান্ড পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান, ইমিগ্রেশন ইনচার্জ মাহাবুবুর রহমান এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেকটর দীপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ পার্থ শিং।

বিজিবি জানায়, ১০ জানুয়ারী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গেদে গ্রামের শিব চাঁদ মজুমদারের ছেলে উত্তম মজুমদার নিমতলা সীমান্তের ৭৪/২ সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নিমতলা ক্যাম্পের বিজিবি তাকে আটক করে। দীর্ঘ ৩ মাস ৮ দিন চুয়াডাঙ্গা জেলে কারাভোগের পর শুক্রবার সকালে কারাগার থেকে মুক্তি পান তিনি।




