ফারুক হোসেন, ঢাকা : ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনের মানিলন্ডারিং আইনের পৃথক দুই মামলায় জামিন আবেদন নাকচ করেছে ঢাকা সিএমএম আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা ওই জামিনের আবেদন নাকচ করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান তপাদারসহ প্রমুখ জামিন আবেদনের শুনানি করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে মুহম্মদ জাহাঙ্গীর জামিন আবেদনের বিরোধিতা করেন। জামিন আবেদনে আসামিপক্ষ বলেন, আসামিরা মানিলন্ডারিং এর কোনো ঘটনা ঘটাননি। ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার বিধান থাকলেও তা আজ প্রায় ২ বছর চলে গেছে। এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি দুদক। আর আসামিরা প্রায় ২১ মাস কারাগারে আছেন। তাই তারা জামিন পেতে হকদার। এর আগেও একাধিকবার সিএমএম আদালত তাদের জামিনের আবেদন নাকচ করেন। এছাড়া ওই আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধ মহানগর দায়রা জজ ও হাইকোর্টও তাদের জামিন নামঞ্জুর করেছেন।




