খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর-ফাকরাবাদ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের উদাসিনতায় দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে পড়ে থাকায় এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় সীমান্তবর্তী ডাকাবর থেকে ফাকরাবাদ পর্যন্ত প্রায় ৪ কি.মি দৈর্ঘ্যের ওই সড়কটি সংস্কারের কয়েক বছর না যেতেই যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ঠিকাদারের নিæমানের কাজের কারণে ওই অবস্থার সৃষ্টি হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সড়কটিতে প্রতিদিন বালু বোঝাই ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়ে বেহাল দশায় পতিত হয়েছে। এখন ভারী যানবাহন তো নয়ই, রিক্সা-অটোরিক্সা চলাচলসহ পায়ে হেঁটেও পথচলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরপরও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ পথে। দীর্ঘদিন থেকে ওই অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ সড়কটি সংস্কারের ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছেন। এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী আমির আলী সড়কটির বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কয়েক দফায় উর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি।




