আমতলী (বরগুনা) প্রতিনিধি : পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার আমতলী ও তালতলীতে ইলিশের বিপুল চাহিদা থাকলেও দেখা দিয়েছে ইলিশসংকট। জেলেদের জালে চাহিদামতো ইলিশ ধরা না পড়ায় দেখা দিয়েছে ইলিশসংকট। সামান্য ইলিশ মিললেও দাম ধরা-ছোঁয়ার বাইরে।
বৈশাখের প্রথম দিনের প্রথম প্রহরে পান্তা-ইলিশের চাহিদা আকাশ-ছোঁয়া। তালতলীর ইলিশ অবতরণকেন্দ্র থেকে ঢাকা, রাজশাহী, বরিশাল, নাটোর, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় ইলিশ সরবরাহ হয়। এ দিনটিকে সামনে রেখে বেশি লাভের আশায় জেলেরা প্রস্তুতি নিয়ে সাগরে ইলিশ শিকারে গেলেও একপ্রকার খালি হাতেই ফিরছেন। ফলে ফলে ফকিরহাটের ট্রলার মালিক ও পাইকাররা চাহিদামতো ইলিশ সরবরাহ করতে পারছেন না। গত বৃহস্পতিবার বিকালে ওই অবতরণকেন্দ্রে গিয়ে দেখা যায়, শেডগুলো সব ফাঁকা পড়ে আছে। ক্রেতা-বিক্রেতা কিংবা জেলেদের পদচারণা নেই। ফকিরহাটের মৎস্য অবরণকেন্দ্রের ইলিশ ব্যবসায়ী রাজা মিয়া বলেন, গত একমাস ধরে এখানে ইলিশের জোগান একেবারেই কম। জেলে ট্রলারগুলো ৫০ থেকে ১শ পিস ইলিশ নিয়ে ফিরে আসে।
যা স্থানীয় ক্রেতাদেরই চাহিদা মেটাতে পারছে না। সামান্য যা ইলিশ উঠছে তাও ৫শ থেকে ৮শ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। এক কেজি সাইজের ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা।




