এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় আওয়ামীলীগ সমর্থিত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ী-ঘর ভাঙচুর ও লোপাটের প্রতিবাদে এবং ঘটনার হোতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর উপজেলা শাখা ও উপজেলা কেন্দ্রীয় কালিমন্দির শাখার যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

পৌরশহরের থানা ব্রীজ চত্ত্বরে রোববার সন্ধ্যায় আধঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে সংগঠনের গোপালপুর উপজেলা শাখার সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক বিমল কৃষ্ণ সরকার, উপজেলা কেন্দ্রীয় কালিমন্দির পরিচালনা পর্ষদের সভাপতি বাবু চিত্ত রঞ্জণ সাহা, সম্পাদক দিলীপ কুন্ডু, সংগঠনের উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা দেবব্রত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার, সাবেক সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. রকিবুল হক ছানা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সবুজসহ সংগঠন গুলোর দুই শতাধিক লোক অংশ গ্রহন করে।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর উপজেলা শাখার সভাপতি হরিপদ দে মঙ্গল জানান, উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় আওয়ামীলীগ সমর্থিত হিন্দু সম্প্রদায়ের উপর বিএনপি-জামায়াতের সমর্থকরা উপজেলা হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের রুপন গুহ রায় ও কুমারেশ বাবুর বাড়িতে হামলা, বাড়ীঘর ভাঙচুর ও লোপাট করে। এছাড়া তারা হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের দাস পলীর একটি মন্দিরে অগ্নি সংযোগ করে। এসব ঘটনার প্রতিবাদ, তীব্র নিন্দা ও ঘটনার হোতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে।




