ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ার পল্লীতে দু’বাড়িতে হানা দিয়ে ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে উপজেলার রোস্তমপুর গ্রামে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাত অনুমানিক দুইটার দিকে ১০-১২জন ডাকাতদল উপজেলার রোস্তমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আশুতোষ দাসের বাড়িতে হানা দিয়ে লোহার গ্রিল ভাঙ্গতে থাকে। শব্দ শুনে তিনি বাইরে এলে ডাকাতদল তাকে মারপিট করে জিম্মির পরে পরিবারের সকলকে চোখ বেঁধে আটক করে। তখন তারা ঘরের আলমারী ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার, নগদ একলাখ টাকা, একটি হিরো হোন্ডা মোটর সাইকেল ও মোবাইল সেট নিয়ে চলে যায়। এরপর আশুতোষের প্রতিবেশি ভাইপো দিপঙ্কর দাসের বাড়িতেও ডাকাতরা হামলা চালিয়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ নয় হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোস্তমপুরের দুই বাড়ি থেকে ডাকাতরা দশ ভরি স্বর্ণালংকারসহ মোট সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।




