এস এম জামাল, কুষ্টিয়া : আজ শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কুষ্টিয়া জেলায় ২৪লাখ ৭হাজার ৬শ ৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। সকাল ৮টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন। এদিন ছয় থেকে এগার মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য পুষ্টিবার্তা প্রচার করা হবে বলেও জানান সিভিল সার্জন। তিনি বলেন, ‘জেলায় আটটি স্থায়ী কেন্দ্র, ১৫৬৮ টি অস্থায়ী কেন্দ্র, ৬৯টি অতিরিক্ত কেন্দ্র, ২৯টি মোবাইল কেন্দ্রসহ মোট ১৬৭৭ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিন জন প্রশিক্ষিত সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এবারের ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। যদি কোনো শিশু বাদ পড়ে যায় তবে ক্যাম্পেইন পরবর্তী চারদিন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।’ সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান জানান, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা তরল ওষুধ চিপে খাওয়াতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানান তিনি।
আজ এমপি লায়লা ইউসুফ কুষ্টিয়া আসছেন

আজ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস লায়লা আরজুমান্দ বানু ইউসুফ কুষ্টিয়া আসছেন। বেলা ১২টায় তাঁকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মীর মশাররফ হোসেন সেতুর কাছে সংবর্ধনা জানাবেন। সেখান থেকে তিনি প্রথমে মজমপুর গেটস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করবেন। এরপর ত্রিমোহনীর কাছে চারুলিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তার স্বামী মরহুম আনোয়ার ইউসুফের কবর জিয়ারত করবেন । এরপর তিনি বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে জানা গেছে।




