স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্বমন্দায় উন্নত রাষ্ট্রগুলোর অর্থনীতি নিæমুখি হলেও অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে বাংলাদেশ এ পর্যায়ে পৌছতে পারছে।

কৃষিমন্ত্রী ৫ এপ্রিল শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, এতিমদের জন্য ক্যাপিটেশন গ্রান্ডের চেক, দুঃস্থ্য আদিবাসীদের মধ্যে টিন ও নগদ টাকা, কৃষি মন্ত্রণালয়ের এআইএস হতে প্রাপ্ত আইসিটি মেশিনারিজ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে আউশ প্রণোদনা এবং ঝড়ে ও হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, খামারবাড়ী উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে মানুষ পুড়িয়ে হত্যা, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে বিএনপি জামায়াত অরাজকতা সৃষ্টি করেছিল। এখন তারা ইতিহাস বিকৃতির নতুন কৌশলে মেতে উঠেছে। এদের সকল ষড়যন্ত্রের পরও কৃষক সময়মত ও ন্যায্যমূল্যে সার-বীজ, ডিজেল ও কীটনাশক পেয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়েছে।




