কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘ ৯ মাসেও ফলাফল না দেয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ্ বিভাগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। ২২ মার্চ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মীর মোশাররফ হোসেনের ভবনে ফিকাহ্ বিভাগে বিভাগীয় শিক্ষার্থী ফলাফল প্রকাশের দাবিতে তালা ঝুলানো হয়।

বিভাগীয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন ফলাফল প্রকাশ করা না হবে ততদিন বিভাগকে তালাবদ্ধ অবস্থায় রাখা হবে।
শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রমতে, আল ফিকহ্ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের এলএলএম শিক্ষার্থীদের পরীক্ষা ৯ মাস আগে অনুষ্ঠিত হলেও শিক্ষকদের অনীহার কারণে এখন পর্যন্ত ফলাফল প্রকাশিত করা হয়নি। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে বিভাগে গিয়ে তারা তালা ঝুলিয়ে দেয়।

একাধিক শিক্ষার্থী জানান, ইবির ফিকাহ বিভাগের বিএনপিপন্থি শিক্ষক নূরুল ইসলাম এবং জামাতপন্থি জাকারিয়া মজুমদার তাদের পকেটে থাকা কয়েকজন শিক্ষার্থীকে ফলাফল তালিকার সামনের সারিতে নেয়ার জন্য নানা টালবাহানা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে বিভাগীয় শিক্ষকরা পরীক্ষা সংক্রান্ত সব নম্বরপত্র জমা দিলেও কিছু কিছু ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে আবার তা ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এ কারণে বিলম্ব হচ্ছে ফলাফল দিতে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তবে বিভাগীয় প্রধান বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী হিসেবে তা ফেরত পাঠাতে চাচ্ছেন না। এ কারণে ওই দুই শিক্ষক এখন ভিন্ন পন্থা অবলম্বনের জন্য সময়ক্ষেপন করছেন। শিক্ষকদের স্বজনপ্রীতির বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিভাগ তালাবদ্ধ করে দিয়েছে।
বিভাগের একাধিক শিক্ষার্থী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যতদিন না আমাদের ফলাফল প্রকাশ করা হবে, ততদিন ফিকাহ বিভাগ আমরা তালাবদ্ধ অবস্থায় রাখবো।
এ ব্যাপারে অভিযুক্ত দুই শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।
ফিকাহ বিভাগীয় সভাপতি ড. নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে টানা হেঁচড়া করা খুবই জঘন্যতম অপরাধ। তবে ইতোমধ্যে পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি। কীভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা চলছে।




