চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলোরা শারমিন গত ১৫ মাস বিদ্যালয়ে না যাওয়ায় এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার জানান, আলমডাঙ্গার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলোরা শারমিন গত ১৫ মাস বিদ্যালয়ে না যাওয়ায় কর্মকর্তারা একাধিকবার যোগাযোগ করেও তাকে খুঁজে পাননি। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তিন দফায় কৈফিয়ত তলব করা হলেও মেলেনি কোনো জবাব।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা স্টেশনরোড এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে ইলোরা শারমিন ২০০৫ সালের ১৬ নভেম্বর আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। চাকরিকালীন কাউকে কিছু না জানিয়ে এমন কী কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এরফলে প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে দাপ্তরিক কাজ ও কোমলমতি শিশুদের শিক্ষাদান ব্যহত হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় সাড়ে তিনশ শিশু পড়াশোনা করছে। প্রধান শিক্ষক ইলোরা শারমিনের চাকরির বরখাস্তের বিষয়টি গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক ইলোরা শারমিনের অনুপস্থিতির বিষয়ে সম্প্রতি কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল।




