ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা মুহুর্তগুলো বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে।

সম্প্রতি বাবা-মা হয়েছেন এই জুটি। রাজ-পরীর ঘরে এসেছে রাজ্য।গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরীমনি। চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন পরী ও তার সন্তান। গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দেওয়া হয় রাজ্যের আকিকা। ২টি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন রাজ-পরী।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যের নানী অর্থাৎ নির্মাতা চয়নিকা চৌধুরী। গুণী এই নির্মাতাকে ‘মা’ বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। রাজ্যের বাবা-মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। পরীমণি ও শরিফুল রাজের এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুটি খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। রান্না ভীষণ ভালো ছিল।’

নাতি রাজ্যের উদ্দেশে নানী চয়নিকার বার্তা, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও,নিরাপদে থেকো। আর বাবার মত সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।’






