অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য বরিশালের আগৈলঝাড়ায় ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ মোতায়েন করা হবে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চতুর্থ ধাপের নির্বাচনে আগামী ২৩ মার্চ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য ইতোমধ্যেই কমিশনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাসহ ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ৫টি ইউনিয়নে ৩৮টি কেন্দ্রর মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ১০টি কম ঝুকিপূর্ণ কেন্দ্র ও ৮টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তবে নির্বাচন কমিশন বলেছেন, তারা সকল কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে দেখছেন। ৩৮টি কেন্দ্রে ৩শ’ ১৭টি বুথ গঠন করা হবে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার ৮শ’ ৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৫শ’ ৪৬ জন ও মহিলা ভোটার ৪৯ হাজার ৩শ’ ৪৮জন। আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে স্ট্রাইকিং ফোর্সের সাথে তাৎক্ষণিক আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। ভোট গ্রহণের জন্য ইতোমধ্যেই ৩৮জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ১৭জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ৬শ’ ৩৪জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ শেষে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এসেছে স্বচ্ছ ব্যালট বাক্স। আইন শৃংখলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কোস্ট গার্ড, পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে থাকবে সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। নির্বাচন ও নির্বাচন পরবর্তী অবস্থার উপর নির্ভর করবে এলাকায় সেনাবাহিনী কতদিন অবস্থান করবে। ক্যাপ্টেন আকবরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ইতোমধ্যেই এলাকায় অবস্থান করছেন। গতকাল শুক্রবার আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।




