ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডরিয়ায় শাকিল সিকদার(১৮) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করেছে দুবৃত্তরা । অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই মোটরসাইকেল চালকের গলায় মোটর সাইকেলে ব্যবহৃত স্টিলের তার পেচিয়ে হত্যার পর লাশ কৃষি জমিতে ফেলে দেয়। এ সময় হত্যাকারীরা নিহত শাকিলের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রোববার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভান্ডরিয়া থানা পুলিশ গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের একটি সড়কের পার্শ্বস্থ কৃষি জমি থেকে নিহত ওই মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে। নিহত শাকিল রবিবার থেকে মোটরসাইকেলসহ নিঁখোজ ছিল। সে ভাণ্ডারিয়া শহরের বাস ষ্টান্ড সংলগ্ন মো. নূরুল ইসলাম সিকদারের ছেলে।
থানা পুলিশ ও নিহতের মা হাজেরা বেগম জানান, রোববার সকালে শাকিল তাঁর ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়, এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে ফিরে আসবেন এ অপেক্ষায় ছিলেন স্বজনরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সিংহখালী গ্রামের মাঠে গ্রামবাসি তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ গলায় ইলেকট্রিক তার পেচানো ছিল।
পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যাকাÐের কারন উদঘাটন করতে পারেনি পুলিশ ও নিহত পরিবারের স্বজনরা।
তবে এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান,মোটরসাইকেল ছিনতাইয়ের কারনেই ওই যুবক হত্যাকান্ডের শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত শাকিলের মামা এনায়েত হোসেন জানান, একমাস পূর্বে শাকিলের বড় বোন হেপী বেগম ৮৭ হাজার টাকায় একখানা মোটর সাইকেল দেন তাকে এবং মোটরসাকেলে ভাড়ায় যাত্রী বহনকরে সংসার চালাচ্ছিল শাকিল। এঘটনায় নিহত যুবকের পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।




