পাবনা প্রতিনিধি : ইসলামী ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি রফিকুল ইসলামকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে পাবনা শহরের শালগাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এস আই ইয়াছিন আরাফাত এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। রফিকুল ইসলাম জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের মুত আবু তালেবের ছেলে। বর্তমানে তিনি পাবনা শহর শিবিরের সভাপতি। তার গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্য শহর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অবিলম্বে রফিকের মুক্তি দাবী করা হয়।
পাবনায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

পাবনায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। সদর উপজেলা ও ঈশ্বরদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরতলীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত খলিল খাঁর ছেলে আব্দুল মালেক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। অপর ঘটনায় শুক্রবার ভোরে ঈশ্বরদীর লোকোশেড থেকে র্যাব সদস্যরা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদেরের ছেলে রিপন হোসেনকে (৩০) শর্টগান ও পিস্তলের ৩০ রাউন্ড গুলিসহ আটক করে।
সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালেই আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




