শ্যামলবাংলা ডেস্ক : তৃতীয় দফায় ৮৩ উপজেলায় আগামী ১৫ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে ওই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ১৭ ফেব্রুয়ারী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারী। আর ভোটগ্রহণ হবে ১৫ মার্চ।
উলেখ্য, দেশের ৪শ ৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারী ভোট হবে। আর দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারী হবে ১শ ১৭ উপজেলায় ভোট। এই দুই পর্যায়ের তফসিল ঘোষণার পর মনোনয়ন সংক্রান্ত আনুষ্ঠানিকতা চলছে। চতুর্থ ও পঞ্চম দফার তফসিলও এ মাসেই ঘোষণা করার কথা রয়েছে। ইতোমধ্যে চতুর্থ দফার ভোট ২৫ মার্চ ও পঞ্চম দফার ভোট ৩১ মার্চ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। আর সর্বশেষ ষষ্ঠ ধাপে ভোট হতে পারে ৩ মে।




