নীলফামারী প্রতিনিধি : বেকার জনগোষ্ঠীকে কর্মীর হাত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে স্থাপন করা হয়েছে ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিআই)। সৈয়দপুর ট্রাষ্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি কারিগরী প্রতিষ্ঠান। সৈয়দপুর রেলওয়ে স্টেশন হতে ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং সৈয়দপুর বাস টার্মিনাল হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে সৈয়দপুর সেনানিবাসের পূর্ব পার্শ্বে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। বাংলাদেশের জনবহুল ও উন্নয়নশীল দেশ হবার কারণে বিপুল জনগোষ্ঠী বেকার ও কর্মহীন অবস্থায় রয়েছে। একই সাথে এরা প্রায় অনেকেই কারিগরীভাবে অদক্ষ। উন্নত বিশ্বে জনশক্তির চাহিদা থাকা সত্বেও শুধুমাত্র অদক্ষ জনশক্তির কারণে বাংলাদেশ তার জনশক্তিকে রফতানি করার ব্যাপারে আশানুরুপ কোন ভূমিকা রাখতে পারছে না।

অপরদিকে এ দেশে দক্ষ জনবল তৈরির সুযোগও সীমিত। অথচ, এই জনশক্তিকে কারিগরীভাবে দক্ষ করে গড়ে তোলা গেলে এরা বাংলাদেশের আভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সক্ষম হতো এবং একই সাথে বহির্বিশ্বের চাহিদা পূরণ করে দেশের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা এনে দিতে পারত। ফলে তারা পারিবারিক, সামাজিক ও আর্থিক নিরাপত্তা লাভেও সামর্থ হতো। উলে¬খিত বিষয়সমূহ বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী, পিএসসি’র আন্তরিক প্রচেষ্টায় এটি স্থাপন করা হয়। উত্তর জনপদের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে এটি পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি শক্তিশালী কমিটি। এই কমিটির সভাপতি হলেন, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এবং সদস্যবৃন্দরা হচ্ছেন কমান্ড্যান্ট, ইএমই সেন্টার অ্যান্ড স্কুল, স্টেশন কমান্ডার, স্টেশন সদর দপ্তর, সৈয়দপুর, সিইএমই, সদর দপ্তর, ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এবং সদস্য সচিব অধ্যক্ষ, ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট (টিটিআই), সৈয়দপুর। ওই প্রতিষ্ঠান কর্তৃক কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ড্রাইভিং কাম অটো মেকানিক্স, কম্পিউটার অফিস এপি¬কেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই চারটি পেশায় ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে এই কোর্স সমূহে ১১০ জন প্রশিক্ষনার্থী নিবন্ধিত হয়েছে। কোর্স সমুহের ক্লাস গত ৭ জানুয়ারি শুরু হয়েছে।
বক্তৃতা, ডেমনষ্ট্রেশন, এসাইনমেন্ট, কর্মভিত্তিক অনুশীলন, অডিও ভিজুয়াল এইড, প্রশিক্ষণ ভ্রমণ ও শিক্ষা সফরের মাধ্যমে প্রশিক্ষন প্রদান করা হয়। এর পাশাপাশি পশ্চিমা দেশ সমূহে ভাষা ও ভাবের আদান- প্রদানের জন্য যথাক্রমে ২৪ ও ৪৮ ঘন্টার বিশেষ আরবী ও ইংরেজি স্পোকেন ল্যাংগুয়েজ কোর্সের ব্যবস্থা রয়েছে। এই কোর্স সমূহ বিশেষভাবে প্রশিক্ষিত ও দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালনা করা হয়। এজন্য কোন অতিরিক্ত ফি নেয়া হয়না। সাফল্যজনকভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের সনদপত্র ছাড়াও ইনষ্টিটিউশনের পক্ষ থেকে কোর্স সম্পন্ন করার জন্য একটি আলাদা সনদপত্র প্রদান করা হবে।

ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে প্রশিক্ষনার্থীদের যোগ্যতার ভিন্নতা রয়েছে। সকল ক্ষেত্রে এসএসসি বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে ১০ম শ্রেণি বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। দেশের উত্তরাঞ্চলের যুব সমাজের সুবিধার্থে সৈয়দপুরে ২০১৩ সালের ১ জানুয়ারি এই ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটউট প্রতিষ্ঠা করা হয়। গত ১ জানুয়ারি প্রাতষ্ঠানটির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী, পিএসসি। এসময় ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জোনারেল মো. কবিরুজ্জামান, ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ড্যার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বীর প্রতিক, এফডবি¬উসি, পিএসসি, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি অলাভজনক এবং এখানে প্রশিক্ষনার্থীরা স্বল্প টিউশন ফি’র বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।




