রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাস জায়গার মালিকানাকে কেন্দ্র করে মারপিটে মহিলা সহ অন্ততঃ ৪ জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার উপজেলার করজগ্রাম হিন্দু পাড়া গ্রামের ফকির চাদের ছেলে মানিক ও হারান চন্দ্রের ছেলে যগদীস চন্দ্রের সাথে বাড়ী সংলগ্ন ১০ শতক খাস জায়গার মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জ্বের ধরে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটে যগদীস চন্দ্র (৩০),নিপেন্দ্রনাথের স্ত্রী কল্পনা রাণী (৩৫) ও ছেলে কাজল (১৫) এবং বাদল চন্দ্রের স্ত্রী নমিতা রাণী (২৫) আহত হয় । আহতদের মধ্যে কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাঁকীদেরকে চিকিৎসার জন্য রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এখনো কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।




