রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ১৮ দলীয় জোটের ডাকা অনিদ্দিষ্টকালের অবরোধের প্রথম দিন ও ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারী মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি-ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ দিকে অবরোধের আগের রাতে ঢাকাগামী ৩টি নাইট কোচ ভাংচুর করেছে পিকেটাররা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিমখান বাজারে ঢাকাগামী নাইট কোচ কর্ণফুলী পরিবহনের দু’টি, হানিফ পরিবহনের একটি কোচ ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। এদিকে নাজিমখান বাজারে পিকেটাররা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার বলেন, ভাংচুরকৃত পরিবহনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চলছে এবং দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




