কুষ্টিয়া প্রতিনিধি : বিদায়ী বছর সংঘাতময় ছিল বলে মন্তব্য করে নতুন বছরে নাশকতামূলক কোনো কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেছেন, ২০১৩ সালের ১৮ দলের নাশকতা ও ধ্বংসাত্বক কর্মকান্ড কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে না। বুধবার বেলা ১১টায় হানিফ তার কুষ্টিয়ার বাসভবনে বিদ্যুৎ শ্রমিকলীগের আয়োজনে এক নির্বাচনী সভায় যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিরোধী দলের নাশকতামূলক কর্মকান্ডের ফলে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে উলেখ করে তিনি বলেন, তারা হরতাল-অবরোধের নামে বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বিচারে পুড়িয়ে মানুষ হত্যা করছে, গাছ কেটে দেশের পরিবেশ নষ্ট করে ও নৈরাজ্য সৃষ্টি করেছে। নতুন বছরে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বিএনপি-জামায়াতকে আর কোনো নাশকতামূলক কর্মসূচি ঘোষণা না করার আহ্বান জানান। পরে হানিফ কুষ্টিয়া ওজপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ আজাদের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ।




