ঝালকাঠি প্রতিনিধি : সরকারী কাজে বাধাদানের মামলা থেকে অব্যাহতি পায়নি র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার এ মামলার নির্ধারিত তারিখে অব্যাহতি আবেদনের শুনানি হয়নি। ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিম পদ শূন্য থাকায় নির্ধারিত পঞ্চম তারিখেও এ মামলা শুনানি হলোনা। আগামী ৫ ফেব্র“য়ারী ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন ভারপ্রাপ্ত বিচারক মোঃ আরিফুজ্জামান।
উলেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্ধুক যুদ্ধে রাজাপুরের কলেজছাত্র লিমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর বরিশালে র্যাব-৮-এর তৎকালীন উপ-সহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেন। গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রনালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে তাকে অব্যহতির আদেশ দেন। আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যহতি পেলেও সরকারি কাজে বাধাদানের অভিযোগের মামলার দায় থেকে আজও অব্যহতি পায়নি পঙ্গু লিমন।




