কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফের হাতে ২ দেশের ২ নাগরিক আটক হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চল্লিশপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে আব্দুল হান্নান (৩৪) নামে এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে রামকৃষ্ণপুর বিওপির টহলরত বিজিবি তাকে আটক করে। সে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া গ্রামের আজিত মন্ডলের ছেলে। আটক ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
অপরদিকে একইদিন রাত ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তের ১৫৭-৭(আর) সীমান্ত পিলারের সন্নিকট দিয়ে ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে প্রবেশ করার সময় হাবুল হোসেন (২৮) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে দৌলতপুর সীমান্তের চল্লিশপাড়া গ্রামের রিয়াত আলীর ছেলে। ভারতের জলঙ্গী ক্যাম্পের টহলরত বিএসএফের হাতে আটক বাংলাদেশী গরু ব্যবসায়ী হাবুল হোসেনকে জলঙ্গী থানায় সোপর্দ করেছে বিএসএফ।




