তানোর প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজশাহীতে আজ সোমবার হরতালের ডাক দেয়া হলেও তানোরে শুধু সোমবার আধাবেলা হরতাল ডেকেছে তানোর উপজেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করে গতকাল রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক। এছাড়া তার নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মীরা সংবদ্ধ হয়ে তানোর সদরে আধাবেলা হরতাল পালনের জন্য সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।
অবরোধ কর্মসূচির পাশাপাশি তানোরে পৃথক ভাবে শুধু আধাবেলা হরতাল পালন করার সম্মতি জানিয়েছেন বিএনপি’র একাংশের উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর বিএনপি’র প্রবিন নেতা মুনসুর রহমান, তানোর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক জার্জিস মোলা, তানোর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ। এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জের তদন্ত (ওসি) আনোয়ার হোসেন তুহিন জানান, কে কিভাবে হরতাল ডেকেছে এব্যাপারে তিনি অবগত নন। গণতন্ত্র দেশে যে কেউ হরতালের আহবান করতেই পারে। এনিয়ে পুলিশের মাথা ব্যথা নেই। তবে, হরতালের নামে নাশকতা সৃষ্টি করে জনসাধারণকে বাধা প্রয়োগ করে জিম্মি করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।




