শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ’ম্যাডি’ সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৬০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল (১০.৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৯২ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসগারে থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।




