তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর ব্যুরো : কুমিলার চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকে কুমিলা জেল হাজতে প্রেরণ করেছেন কুমিলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালত।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর চান্দিনার বাস ভবন ‘মনিহার’ এ ককটেল বিষ্ফোরণ মামলায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুমিলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসরিন জাহান এর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। যাহার জি.আর মামলা নং-২৮৫/১৩ইং।
জেল হাজতে প্রেরণ করা অপর আসামীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদল সহ-সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, কেরনখাল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. রুহুল কুদ্দুস মাহিন, পৌর স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম জামাল।

উলেখ্য যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর চান্দিনাস্থ বাস ভবন ‘মনিহার’ এ ককটেল বিষ্ফোরণ হত্যা চেষ্টাসহ নানা অভিযোগ এনে গত ১৬ নভেম্বর এলডিপি’র সহযোগী সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল এর চান্দিনা উপজেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি একই উপজেলার মোঃ মোস্তফা ভূঞা’র ছেলে মো. রাজিব ভূইয়া বাদি হয়ে বিষ্ফোরক আইনে ওই মামলাটি দায়ের করেন। যাহার নং-১৩।




