শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি ৭ ডিসেম্বর শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে তারানকোর বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহর রিজভী সাংবাদিকদের ওই তথ্য জানান। এসময় তিনি বলেন, বৈঠকে তারানকো নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন- এটা নির্বাচন কমিশনের ব্যাপার। গহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারানকোকে বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা যাব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অস্কার ফার্নান্দেজ তারানকোকে জানিয়েছেন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগকে তারানকো স্বাগত জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারানকোকে আরও বলেছেন- সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন ইতোমধ্যে সিটি নির্বাচন সম্পন্ন করেছে। তাতে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।




