শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রবিবার তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, বগুড়া ও দিনাজপুর।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গায়েবানা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ ঘোষণা দেন।
অবরোধ চলাকালীন ১৮ দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশি হামলার প্রতিবাদে দিনাজপুরে বোরবার সকাল-সন্ধ্য হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। শুক্রবার সকালে দিনাজপুর জেলা বিএনপির জেল রোডস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী।

কক্সবাজারে পুলিশি নির্যাতনে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম (৩৫) এর মৃত্যুর অভিযোগে রোববার কক্সাবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী জানান, তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার চকরিয়ায় পুলিশের হাতে আটক হন হালিম। বুধবার জামিনে মুক্ত পাওয়ার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের নির্যাতনেই হালিমের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ করে তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে বিএনপি রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
অপরদিকে রবিবার থেকে বগুড়ায় টানা ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বগুড়া জেলা ১৮ দল। শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, গ্রেপ্তারকৃতদের মুক্তি, বগুড়া যুবদল নেতা মাসুদ রানাসহ অন্য নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, যুবদল নেতা ইউসুফ হত্যার বিচার এবং জামায়াত ইসলামীর রেজিস্ট্রেশন বাতিলের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি ও ১৮দলীয় জোটের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম।




