পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী খানের বাজার এলাকার খান বাড়িতে আজ সোমবার জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি বাহাদুর খান, সহ-সভাপতি আকমান সরদার ও যুবলীগ নেতা এমরান সেখকে কুপিয়ে আহত করেছে। হামলায় রাকিব নামে ৫ম শ্রেণীর এক ছাত্রের হাতের একটি আঙ্গুল কেটে যায় এবং বাড়িতে থাকা ২ জন মহিলা ও আলিম নামের এক যুবক আহত হয়। । মারাত্বক আহত আরমান সরদার ও বাহাদুর খানকে পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে হাসপাতালের চিকিৎসা শেষে তাদের দ্রæত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়। পিরোজপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ জানান, আহত আকমান সরদারের বাম চোখ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় খান বাড়ির জয়নাল আবেদিন খানের ঘর ভাংচুর, লুটপাট করে এবং মুকুল বেগম, বাবুল খান ও বারেক খানের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। আগুনে ঘরের মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এদিকে, এ হামলার জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান জানান, গত সেপ্টেম্বর মাস থেকে জামায়াত-শিবির বিএনপির সন্ত্রাসীরা একের পর এক হামলা চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকদের হত্যা ও আহত করে চলছে। বর্তমানে জিয়ানগর উপজেলার সর্বত্র আওয়ামী লীগের লোকজন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের ধরার জন্য এলাকায় অভিযান চলছে। এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।




