মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে সাইমা খাতুন (৩৬) ও তার মেয়ে শোভা আক্তার (১৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গ্রামের সাবান আলীর বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। পালিয়ে যাওয়ার সময় গোলাম মোস্তফা (৩২) নামের এক ডাকাত সদস্যকে ধরে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গোলাম মোস্তফার বাড়ি সদর উপজেলার টেঙ্গার মাঠ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, একদল সশস্ত্র ডাকাত তেরাইল গ্রামের দুবাই প্রবাসী সাবান আলীর বাড়িতে হানা দিয়ে গেটের তালা ভেঙ্গে বাড়ির ভেতের প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে প্রবাসীর স্ত্রী সাইমা ও মেয়ে শোভাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে গোলাম মোস্তফা নামের ঐ ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে মোস্তফাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত মা-মেয়েকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম, জানান গোলাম মোস্তফাকে আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তার স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেফতার করা হবে।




