ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের অতিষ্ঠ হয়ে উঠেছে ময়মনসিংহবাসীর জনজীবন। প্রচণ্ড গরমেও বেশির ভাগ সময়ই বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ নগরীর বাসিন্দাদের। তবে বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটের কারণ হিসেবে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতিকে দায়ি করছে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎবিভ্রাটের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্থ হচ্ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছর গত বছরের ন্যায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। নগরীর আকুয়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা আব্দুছ ছামাদ বলেন, প্রায় প্রতিদিনেই ৪ থেকে ৫ ঘণ্টার অধিক সময় পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। মাত্রাতিরিক্ত বিদ্যুৎবিভ্রাটে এ এলাকার বাসিন্দারা চরম ক্ষুব্ধ। আমরা জনগণ শান্তিতে থাকতে চাই। বিদ্যুতের লুকোচুরি খেলায় আমাদের সন্তানরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগী হতে পারছে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ বলেন, বার বার বলা হচ্ছে বাংলাদেশে বিদ্যুতের আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষতো সে তুলনায় বিদ্যুৎ পাচ্ছে না। শুধু কথার মধ্যে থাকলে হবে না। সরকারকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি কোথায় কী সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে হবে।

এ ছাড়াও ময়মনসিংহ সদর উপজেলাসহ জেলার গফরগাঁও, ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া, ফুলপুর, হালুয়াঘাট, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, মুক্তাগাছা, ধোবাউড়া ও তারাকান্দা উপজেলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট রয়েছে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের বলেন, ময়মনসিংহের রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) থেকে দৈনিক ২১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে কিছুদিন আগেও ১০০ মেগাওয়াট দিতে পারলেও বর্তমানে ৬ থেকে ১০ মেগাওয়াট উৎপাদন করতে পারছে। এছাড়া জামালপুর জেলার বেসরকারি মালিকানাধীন ৯৫ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বন্ধ রয়েছে। ফলে সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। মূলত ওই কারণে ময়মনসিংহে বিদ্যুতে ঘাটতি রয়েছে। ফলে কিছুটা লোডশেডিং হচ্ছে।









