পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ও পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মহাসচিব ওসমান আলী জানান, ‘শিমুল বিশ্বাস যেহেতু পাবনার মানুষ। তাই প্রথমে পাবনায় এবং উত্তরাঞ্চলের ১৬ জেলায় এই ধর্মঘট আহবান করা হয়েছে। সরকার যদি শিমুল বিশ্বাসকে মুক্তি না দেয় তা হলে পরবর্তিতে সারা দেশে আমরা পরিবহন ধর্মঘটের চিন্তা ভাবনা করবো’।
এদিকে গত শনিবার সন্ধ্যায় পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন ও পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের যৌথসভা অনুযায়ী পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান ও ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুর রহমান বলেন, শিমুল বিশ্বাসকে মুক্তি না দেওয়া পর্যন্ত পাবনা জেলায় পরিবহন শ্রমিকরা কোন ধরনের যানবাহন চালাবে না।
এদিকে টানা চারদিনের হরতালের পর আবারও পরিবহন ধর্মঘট আহবান করায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারন মানুষ। তারা এই হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন।




