স্টাফ রিপোর্টার : বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ইউনুসকে তিনি মাথায় তুলে রাখবেন বলে ওয়াদা করেছেন। হেফাজত আর জামায়াতের মত দুই খুনী পার্টি আর সুদখোরকে নিয়ে তিনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তার এ স্বপ্ন সফল হবে না। কৃষিমন্ত্রী ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শেরপুরের নকলা উপজেলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণকালে এক সমাবেশে ওইকথা বলেন।
তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের উদ্বৃতি দিয়ে বলেন, গ্রামীণ ব্যংকের লোনের টাকা পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের দরিদ্র মানুষকে কিডনি, লিভার, চোখসহ অঙ্গ বিক্রি করতে হয়েছে। তিনি বলেন, এখন ইউনুস সাহেব চুপ করে আছেন কেন। বাপের বেটা হলে এর প্রতিবাদ করুক।
এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার নারায়ন চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী মসজিদ-মাদ্রাসাসহ ৪১ টি প্রতিষ্ঠানকে এক বান্ডিল করে টিন, ৩ হাজার টাকা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ জনকে ১২ হাজার টাকা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে প্রাপ্ত অনুদানের ২০ হাজার টাকার চেক ৬ টি প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন।




