বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওতায় মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) এর বিগত ১৩ মাসের বকেয়া বরাদ্দ না পেয়ে এলাকার সেবা গ্রহণকারী প্রায় ৭শ’ প্রসুতি মা এখন বিপাকে পড়েছে ।

একটি সূত্রে জানা গেছে, ম্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) এর কার্যক্রম শুরু করে বিগত ২০১১ সালের এপ্রিল মাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । এই সেবার আওতায় অত্র উপজেলার অসহায় ও হত দরিদ্র পরিবারের প্রসুতি মায়েরা গর্ভকালিন, প্রসবকালিন ও প্রসব পরবর্তী সেবা পেয়ে বিশেষভাবে উপকৃত হয়ে তারা কার্যক্রমকে সাধুবাদ জানায়। কিন্তু এই কার্যক্রমের আওতায় চলতি ২০১৩ ইং সালের এপ্রিল হতে জুন মাসের বরাদ্ধ পেলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এবং বিগত ২০১২ইং সালের ১০মাস সহ মোট ১৩ মাসের বরাদ্দ দীর্ঘদিন যাবত বকেয়া থাকায় এই কার্যক্রমের আওতাভুক্ত প্রসুতি মায়েদের মধ্যে প্রায় ৭’শত সেবা গ্রহণকারী মায়েরা তাদের সেবার বিপরিতে ইনসেনটিভ (নগদ অর্থ) ও অন্যান্য উপহার সামগ্রী নেওয়ার জন্য তারা তাদের নবজাতক সন্তানদের কোলে করে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত ব্যাপকভাবে ভিড় জমাচ্ছে। এতে বিপাকে পড়েছে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএসএফ’র কো-অডিনেটর মো. সাজেদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে, তিনি এই প্রতিবেদককে জানায়, বরাদ্দ পেলে ইনসেনটিভ ও উপহার সামগ্রী সেবা গ্রহণকারী প্রসুতি মায়েদের যথা সময়ের মধ্যে তা প্রদান করা হবে। এমতাবস্থায় অত্র উপজেলার অসহায় ও হত দরিদ্র পরিবারের প্রসুতি মায়েরা গর্ভকালিন, প্রসবকালিন ও প্রসব পরবর্তী সেবার বকেয়া ইনসেনটিভ ও উপহার সামগ্রী প্রদান করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনার দাবী জানিয়েছেন।




