এম লুৎফর রহমান নরসিংদী : বাড়ী থেকে ডেকে নিয়ে আরমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। জানা গেছে, একই গ্রামের মৃত নূরচাঁনের পুত্র আওয়ামী লীগ কর্মী আরমান মিয়া ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। মঙ্গলবার রাতে সে তার কাজকর্ম সেরে বাড়ীতে যাবার পর হাফিজুল ও কাউছার নামে দুই ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে দুর্বৃত্তরা এলোপাতারি কোপাতে থাকে। মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আরমান চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৩ টায় ঢামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরমান মারা যায়। এ ব্যাপারে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।




