মো. মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালে রামগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ২৮ অক্টোবর সোমবার বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে হরতাল সমর্থকরা। করপাড়া, সমিতিবাজার, ফতেপুর, পানপাড়া, জগৎপুর, দরবেশপুর, আলীপুর এলাকায় হরতালের সমর্থনে দিনব্যাপী মিছিলের নেতৃত্ব দিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ভিপি আবদুর রহিম। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে। এছাড়া ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে হরতাল সমর্থকরা।
হরতালে স্বল্পসংখ্যক রিকশা ব্যতীত অন্য কোন যানবাহন চলাচল না করায় উপজেলাবাসীর জীবন-যাত্রা বিপর্যস্ত ও কাজ-কর্ম স্থবির হয়ে পড়ে। ব্যাংক-বীমা ও স্বল্পসংখ্যক ব্যবসা-প্রতিষ্ঠান খোলা থাকলেও অন্য দিনের তুলনায় উপস্থিতির হার ও লেনদেন ছিল খুবই কম। বিগত হরতালের ন্যায় এ হরতালেও নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে ও অবস্থান নিতে দেখা গেছে।




