বরিশাল সংবাদদাতা : বরিশালের হিজলা উপজেলায় একই স্থানে একই সময়ে ছাত্রদল ও ছাত্রলীগের পৃথক সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্ভাব্য সহিংসতা এড়াতে ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টায় ওই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সন্ধ্যা ৬টায় পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে সন্ধ্যার আগেও ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্যাহ জানান, উপজেলার ক্ষুন্না বন্দরের ইভডো সোসাইটি মাঠে সমাবেশের আয়োজন করে ছাত্রদল। পরে একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। অপ্রীতিকর ঘটনা এড়াতে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ও শান্তি বজায় রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া হিজলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথাও জানান তিনি।
হিজলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পুরো উপজেলায় রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলে এর সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানান তিনি।




