শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান সরকারের উন্নয়নের চিত্র দেখে বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তাঁরা উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোটের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়র এই গল্পগুলো যখন সরকারের পক্ষ থেকে প্রচার করা হলো, তখন সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের মাথা খারাপ হয়ে গেছে। তাঁরা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন।’
হাসান মাহমুদ আরও বলেন, ‘সরকারের অর্জন জাতীয় অর্জন। সরকারের গত চার বছরের অর্জন কেবল আমরা মানুষকে জানানোর চেষ্টা করে যাচ্ছি। আর বিরোধী দল আমাদের উন্নয়নের বিরুদ্ধে নানা কথা বলছে। লেখালেখিও করছে। ঈদের পর বিরোধী দলের আন্দোলনের হুমকির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘এর আগেও এ ধরনের অনেক আল্টিমেটাম দেখেছি। আমরা সরকার গঠনের পর নির্ধারিত মেয়াদ পার করার চেষ্টা করছি। সুতরাং কোনো আল্টিমেটামে কাজ হবে না। বিরোধীরা যে মাঠ গরম করবে ওই গরমেই তাদের পুড়তে হবে। বিরোধীদের ঠেকাতে সরকার লাগবে না, আওয়ামী লীগই যথেষ্ট। আগামীতেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, নাট্যব্যক্তিত্ব এনামুল হক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুঁইয়া, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।




