হুমায়ুন কবির মৃধা সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ হায়দার আলীকে থানা পুলিশ আটক করার প্রতিবাদে জেলা প্রশাসনের সকল কর্মচারী সকাল সাড়ে ১১ টা থেকে দেড়টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। ২৭ অক্টোবর রবিবার সকালে হরতাল চলাকালিন পৌরশহরের শহীদগঞ্জ এলাকা থেকে থানা পুলিশ তাকে আটক করে।
কর্মসূচীতে অংশ নেয়া তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সরকারী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইব্রাহীম হোসেন ও আব্দুর রশিদ জানান, শনিবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দ্বায়িত্ব পালন শেষে হায়দার আলী রবিবার সকালে তার বাড়ি শহীদগঞ্জে যাবার পথে পুলিশ তাকে অন্যায় ভাবে আটক করে তাকে থানায় এনে নির্যাতন করে। এ ঘটনার প্রতিবাদে সকল কর্মচারীরা একত্রিত সকাল সাড়ে ১১ টা থেকে কর্মবিরতি পালন করে। পরে দেড় টার দিকে হায়দারকে ছেড়ে দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে। সংগঠনের নেতা কর্মিরা হায়দারকে যে পুলিশ কর্মকর্তা নির্যাতন করেছে তার উপযুক্ত শাস্তি দাবী করে বলেন, এই বিচার না হলে পরবর্তিতে নতুন করে কর্মসূচী দেয়া হবে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, হরতাল চলাকালিন কে কোন সময় আটক হয়েছে এটি বলা কঠিন। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
জেলা প্রশাসক মোঃ বিলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হায়দার আলী রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন শেষে সে সকালে বাড়ীতে থাকায় উক্ত এলাকায় পিকেটারদের পুলিশ আটক করতে গেলে বাড়ির পাশে থাকা অবস্থায় তাকেও আটক করে। পরে দেড়টার দিকে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হলে কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে।




