স্টাফ রিপোর্টার : শেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মমিন মিয়া (৪০) নামে এক কয়েদি জেলা সদর হাসপাতালে মারা গেছেন। ২১ আগস্ট রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মমিন সদর উপজেলার মোবারকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সোমবার সকালে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর জেলা কারাগারের জেলার মো. মজিবুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় ৫০০৮/এ নম্বরের ওই কয়েদি পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন বলেন, পেট ফুলে পায়খানা বন্ধ হয়ে ওই কয়েদির মৃত্যু হয়েছে।
কারা কর্মকর্তারা জানান, একটি মাদক মামলায় চলতি বছরের ২৭ জানুয়ারি মমিন মিয়ার দুই বছরের সশ্রম কারাদন্ড হয়। তার বিরুদ্ধে শেরপুর আদালতে আরেকটি মামলা বিচারাধীন।




