স্টাফ রিপোর্টার : বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সংবর্ধনা অব্যাহত রয়েছে। এবার তাকেসহ সকল কাউন্সিলরকে সংবর্ধনা দিয়েছে কাকলি বহুমুখী সমবায় সমিতি লিঃ। ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ বুলবুল সড়কে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী। কাকলী সমিতির সহ-সভাপতি ভোলানাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সংবর্ধনা কমিটির আহবায়ক মানিক দত্ত, শিল্পপতি আনিসুর রহমান, হুইপ আতিকের শিশুতনয়া অপি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, পৌর মেয়র লিটনকে দায়িত্ব গ্রহণের পর থেকেই শেরপুর ক্লাবসহ বিভিন্ন সংগঠন সংবর্ধনা দিয়ে আসছে।




