স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। ৯ মার্চ বুধবার বিকেলে সমিতির ২ নং ভবন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের শপথ পাঠ করান জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন প্রমুখ। অনুষ্ঠানে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারক, নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতিসহ ৬ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ৫ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়।




