কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে ৪শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন ও বিশ্বনাথ দাস। দণ্ডপ্রাপ্ত আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল ও সরোয়ার হোসেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্বনাথ ঘোষ আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, জেএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে যায় শিক্ষকরা। এসময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২বছর করে কারাদণ্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। এদিকে শিক্ষার মানকে সমন্বত রাখতে এবং জেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুজিব-উল ফেরদৌস।

কুষ্টিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ বদরুদ্দোজা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম তার বক্তব্যে বলেন, আগের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সন্ত্রাসকবলিত এই কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। যে কোন মূল্যে এ অবস্থা ধরে রাখতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। এবং পুলিশকে যেকোন সমস্যার কথা জানাতে হবে। এই জেলায় ৩৫টি পুলিশ ক্যাম্প রয়েছে উলে¬খ করে নবাগত এই পুলিশ সুপার বলেন, বর্তমান এ সরকারের আমলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক পুলিশ ক্যম্প স্থাপন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী তার বক্তব্যে বলেন, চরমপন্থিরা এখন পালিয়েছে। তাদের সাথে সম্পৃক্ত লোকজন এখনো নানা অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে হুশিয়ার করে আওয়ামীলীগের এই নেতা বলেন, চরমপন্থিদের সাথে সম্পৃক্ততা বাদ দেন। নতুবা যে দলের বা যত ক্ষমতাশালীই হোন না কেন আপনাদের (সন্ত্রাসীদের) কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ তৌহিদুজ্জামান, লেখক ও গবেষক শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গণি. জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইয়্যেদুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কবি আলম আরা জুই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতেই কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সদ্য প্রয়াত মাতা আলহাজ্ব ফাতেমা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।




