মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি প্রফেসর ড.গোলাম শাহি আলমকে সংর্বধনা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগ।
প্যারাসাইটোলজি বিভাগের বোর্ড অব স্টাটিজের এক মিটিংয়ে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্ত্বে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে সততা ও নিষ্টার সাথে কাজ করার কথা বলেন। সেইসাথে তিনি যেন সুন্দর ও সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ।
অনুষ্ঠানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন মন্ডলকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্যারাসাইটোলজি বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর আলম সিকৃবির চতুর্থ তম ভিসি হিসেবে ২৮ সেপ্টেম্বর যোগদান করেন। এর আগে তিনি বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদের সাবেক ডিন, সার্জারি এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের শিক্ষক এবং প্যারাসাইটোলজি বিভাগের বোর্ড অব স্টাটিজের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।




