শ্যামলবাংলা ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তখন নির্বাচন দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচন না হলে অন্য কোন অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করতে পারতো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১শ ৫৩ জন সাংসদ নির্বাচিত হওয়ার বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাবে ১৭ জুন মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে ওই কথা বলেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলের ওপর শুনানি গ্রহন করা হয়। এসময় তিনি বলেন, নির্বাচনটা ছিল সরকারের নীতি। এ ছাড়া সংবিধানের বাধ্যবাধকতা থাকায় এবং অরাজনৈতিক কেউ যেন ক্ষমতায় আসতে না পারে সে জন্যই মুলত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবেই হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নীতির ব্যাপারে আদালত কোন আদেশ দিতে পারে না। এ ছাড়া নির্বাচনের আগে অরাজকতা, বিশৃঙ্খলা বেড়ে গিয়েছিল। দেশকে আইনগতভাবে পরিচালনা করতেই মূলত: নির্বাচন দেওয়া হয়েছিল।
আদালতে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কয়েকটি উদাহরণ তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশেও বিভিন্ন সময়ে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এ নির্বাচন সম্পূর্ণ বৈধ।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা রাষ্ট্রপক্ষে তার আংশিক বক্তব্য উপস্থাপন করেন। বুধবার এ বিষয়ে ফের শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করার গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে রুলের শুনানিতে আইনজ্ঞদের ব্যাখ্যা জানতে আদালত ৫ জন অ্যামিকাস কিউরি নিয়োগ করেন। অ্যামিকাস কিউরিদের মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক উল হক, বদিউল আলম মজুমদার ৫ জানুয়ারির নির্বাচনকে অসাংবিধানিক ও বে-আইনি বলে তাদের মতামত পেশ করেন। অন্যদিকে, আজমালুল হক কিউসি ও রোকন উদ্দিন মাহমুদ নির্বাচনকে সঠিক বলে উল্লেখ করেন। গত বছর ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম সুপ্রিমকোর্টে রিট আবেদনটি করেন।




