ইয়ানুর রহমান, যশোর : সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে যশোরের শার্শা উপজেলার প্রত্যন্ত পল্লীর এক যুবতীর মুখ। ঘটনাটি ঘটেছে ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে শার্শার নটাদিঘা গ্রামে। আহত যুবতীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এসিডে ঝলসে যাওয়া যুবতী মিনা খাতুন জানান, ৮ মাস পূর্বে একই গ্রামে আব্দুল ওহাবের পুত্র স্বপনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করায় উভয় পক্ষের শালিসী বৈঠকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে দু’মাস পূর্বে। এর পর থেকেই মিনা খ্তাুন তার বাবার বাড়িতে অবস্থান করে আসছিল। বুধবার সকাল ৯টায় বাড়ির সামনে টিউবওয়েলে গেলে হঠাৎ করে তার মুখে এসিড ছুড়ে মারে স্বপন। ওই সময় মিনার ডাক-চিৎকারে তার বাবা-মাসহ প্রতিবেশিরা ছুটে গিয়ে স্বপনকে ধাওয়া দিয়েও ধরতে পারেনি। পরে গুরুতর অবস্থায় তারা মিনাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।




