মাগুরা : পোশাক খাতে পরিবর্তন অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) সুবিধা ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা। তিনি ১২ মে সোমবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে ওই আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, গার্মেন্ট শিল্পে কাজের পরিবেশ ও আন্তর্জাতিক মানের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। যাতে করে এখানকার কারখানাগুলোতে রানা প্লাজা, তাজরিন ফ্যাশন্সের মতো মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। তিনি বলেন, আমরা মনে করি- বাংলাদেশ বস্ত্রখাতে অনেক বেশি পরিবর্তন এনেছে। এই পরিবর্তন অব্যাহত থাকলে বাংলাদেশ তার জিএসপি সুবিধা অচিরেই ফিরে পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে যেভাবে ইতিবাচক পরিবর্তন হচ্ছে তাতে করে খুব শিগগিরই এ দেশটি এশিয়ার বাঘ হিসেবে চিহ্নিত হবে। আর যুক্তরাষ্ট্র সেটাই দেখতে চায়।
প্রসঙ্গত, গাজীপুরে তাজরিন ফ্যাশনে আগুন ও সাভারে রানা প্লাজা ধসে সহাস্রধিক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনার পর গত বছরের ২৬ জুন মার্কিন বাজারে জিএসপি সুবিধা স্থগিত করে দেয় ওবামা সরকার। এই সুবিধা ফিরে ফিতে বাংলাদেশের পোশাক শিল্পে কর্ম-পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি শর্ত বেঁধে দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় বা ইউএসটিআর কর্তৃপক্ষ। জিএসপি ফিরে পেতে বেঁধে দেয়া শর্ত পূরণের ‘অগ্রগতি প্রতিবেদন’ গত ১৫ এপ্রিল ইউএসটিআরে পাঠানো হয়।




