মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জাল দলিল করে দেয়ার ঘটনায় এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ওই দলিল লেখকের কাছ থেকে সাবরেজিষ্ট্রারের নামের ভুয়া সিলমোহর উদ্ধার করা হয়। এ ঘটনায় রাইগাঁ-এনায়েতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ বাদী হয়ে থানায় অভিযোগ দাখিলের পর দলিল লেখক সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে গত ১ মে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার পূর্ব গোসাাইপুর গ্রামের মৃত ওছিমুদ্দীনের ছেলে দলিল লেখক সিরাজুল ইসলাম তার মা জান্নাতুন নেছার আঁজুল মৌজার ২১৩, ২২৯, ২৩৪, ২৪৮, ৪১০, ও ৬৯৮ দাগের ৩৪ শতক জমির ২টি জাল দলিল তৈরী করেন। জাল দলিল দু’টির নং ৫৫৯৫/৮০ ও ৩১৮৫/৮০। সাবরেজিষ্ট্রি অফিসে সংশি¬ষ্ট ভলিউমে ওই দুটি দলিল নম্বরের অস্তিত্ব নেই বলে অভিযোগে উলে¬খ করা হয়। ওই দলিল দু’টি গত ১৫ এপ্রিল খারিজের জন্য সংশি¬ষ্ট ভূমি অফিস থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে যাচাই-বাছায়ের জন্য প্রেরণ করা হলে সেখানে জাল দলিল হিসাবে ধরা পড়ে। জাল দলিলের সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ জানান, জাল দলিলকারী দলিল লেখক সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার বিষয়টি গুরুতর অপরাধ এবং দুদক সিডিউল ভুক্ত হওয়ায় ব্যাপক তদন্তের প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দলিল লেখককে জেলহাজতে রাখার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন দুর্নীতিবাজ দলিল লেখক নানা ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে সাবরেজিষ্ট্রারের ভুয়া সিলমোহর বসিয়ে জাল দলিল তৈরী করে আসছিল। তাদের মধ্যে গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম অন্যতম। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতারা ব্যাপক অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ গেছে। এদিকে জাল দলিল লেখক চক্রের সাথে জরিত অন্যান্যদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সচেতন মহল দাবী জানিয়েছেন।




