বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকা ছাত্রধর্মঘট পালন করছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে পশুপালন অনুষদের ভিতরে প্রবেশ করে এবং লেভেল-৩, সেমিস্টার-০১ এর চলা ক্লাসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় প্রক্টোরিয়াল বডি এবং ছাত্রসমিতির সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের ডাকা ছাত্রধর্মঘটের তোপে বন্ধ হয়ে গেছে সকল অনুষদীষ ক্লাস-পরীক্ষা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকল অনুষদের শ্রেণীকক্ষগুলো তালা বদ্ধ এবং বিক্ষোভ মিছিলে মেয়েদের সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশী।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় তদন্তকমিটির দেওয়া রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ছাত্রকে আজীবনের জন্য, ২জনকে ৪ বছরের জন্য এবং ১জনকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা প্রত্যাক্ষান করে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।




