আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় আলোর ফাঁদ পেতে বোরো ধানের পোকা সনাক্ত করণ ও পর্যবেক্ষন এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলার একটি পৌর সভা ও ৬টি ইউনিয়ন এলাকায় এ আলোর ফাঁদ পেতে ক্ষেতের পোকা সনাক্ত ও পর্যবেক্ষন করার পাশাপাশি পোকা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় ধান ক্ষেতে তেমন কোন পোকার আক্রমন দেখা যায়নি। ফলে আশানুরুপ ফলন পাবে বলে কৃষকরা আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মেীসুমে আদমদীঘি উপজেলায় ১২ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এ পর্যন্ত প্রায় ৭০ ভাগ জমিতে ধানের শীষ বের হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ আদনান বাবু জানান, এ বছর বোরো ধানের ক্ষেতে পার্চিং করায় পাখির মাধ্যমে পোকা দমন হয়েছে। এছাড়া জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করায় রোগ ও পোকা মাকড়ের আক্রমনও কম হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭ টায় আদমদীঘি ডালম্বা গ্রামের বোরো ক্ষেতে এমনই আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত ও পর্যবেক্ষন কার্যক্রম চালানো হয়। আলোর ফাঁদ স্থাপনে উপজেলা প্রানী সম্পদ অফিসার রুহুল আমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার হোসেন আলী, উপ-সহকারি কৃষি অফিসার শাহ আলম খন্দকার, মন্তেজার রহমান সহ স্থানীয় কৃষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এবার বোরো আবাদে পোকার আক্রমন কম থাকায় বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করেন।




